বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের দইভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সুলতান মাহমুদ নামে আরো এক বালু ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এ অর্থদন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকার ওই নদী থেকে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় দেশীয় পদ্ধতিতে ওই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ওই গ্রামের বালু ব্যবসায়ী সুলতান মাহমুদকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে পৌর ভূমি সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
উল্লেখ্য,শনিবার বিকেলে মরা যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজিজুল হক নামে এক বালু ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ওই ভ্রাম্যমাণ আদালত।