বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় করোনায় কর্মহীন ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণে পুলিশের বাঁধার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আবদুল হামিদ ডাবলু উপজেলা সদরে এই ত্রাণ বিতরণের আয়োজন করেন।
দলীয় সুত্রে জানা গেছে, করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ ৩০০ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ বিতরনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে উপজেলা নির্বাচন অফিসের সামনে খোলা স্থানে ত্রাণ বিতরন শুরু করা হয়। কিছু মানুষের মধ্যে ত্রান দেওয়ার পর পুলিশ এসে ত্রাণ বিতরণ বন্ধ করে দেয়।
আবদুল হামিদ ডাবুল বলেন, ত্রাণ বিতরণের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়। ত্রাণ বিতরণও শুরু হলে কয়েক জন দুস্থ ব্যক্তিদের ত্রাণ দেওয়া হয়। এ সময় আকস্মিক কয়েকজন পুলিশ সদস্য লাঠিসোটা হাতে নিয়ে এসে ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধে নির্দেশ দেন।
এরপর পুলিশের মারমুখী আচরণে ত্রাণ নিতে আসা দুস্থ মানুষেরা যে যার মতো চলে যায়।
আবদুল হামিদ অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগের ইন্ধনে পুলিশ ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোক্তারী বলেন, বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের জন্য মৌখিকভাবে জানিয়েছিলেন। তবে ওই স্থানে ত্রাণ দেওয়ার জন্য তিনি অনুমতি দেননি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল করিম বলেন, ত্রাণ নিতে আসা ব্যক্তিদের সংকীর্ণ স্থানে গাদাগাদি করে বসিয়ে রাখা হয়। এতে করোনা সংক্রমণের ঝুঁকি ছড়ানোর আশঙ্কায় তাদেরকে সেখানে ত্রাণ বিতরণে নিষেধ করা হয়