বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলার বাদীকে অপহরণের মামলায় কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রেজা পাভেল ও সাধারন সম্পাদক মামুন সেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিজয় হত্যা মামলার বাদী রুবেলের বাবা আব্দুল কাদের প্রমানিক বাদী হয়ে মঙ্গলবার বিকেলে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ মামলা দায়েরের পরক্ষণেই থানা এলাকা থেকেই এজাহারভুক্ত আসামি পারভেজ রেজা পাভেল ও মামুন সেখকে গ্রেপ্তার করে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৩ আগষ্ট বিজয় হত্যা মামলার বাদী নিহতের বড় ভাই রুবেলকে জামতৈল বাজার এলাকা থেকে অপহরণ করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে অপহরণকারীরা বিজয় হত্যা মামলা তুলে নিতে এবং নিহত বিজয়ের ব্যবহৃত মোবাইল ও মেমোরী কার্ডের জন্য চাপ দেয়।
একপর্যায়ে তার চিৎকারে বেকায়দায় পড়ে তাকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্ট এলাকায় মাইক্রোবাস থেকে ফেলে দেয়। পরে শাহজাহানপুর রহিমাবাদ উত্তরপাড়া জামে মসজিদের মুসুল্লীরা রুবেলকে অসুস্থ্য অবস্থায় পাওয়ার পর থানায় খবর দেয়।
সেখান থেকে শাহজাহানপুর থানা পুলিশ উদ্ধারের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন।