বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধিঃ সুধী সমাবেশসহ বর্ণাঢ্য নানা অনুষ্ঠানের মধ্যে গাজীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। শনিবার সকালে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উদ্যোগে নগরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়। মেট্টোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত সংসদ সদস্য বেগম শামসুন নাহার, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান, সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহামাদ সরকার,সিটি কাউন্সিলর মনজুর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া কয়েক মাস আগে জিএমপি পুলিশ কমিশনারের কাছে আত্মসমর্পণ করা শতাধিক মাদক কারবারির মধ্যে এ অনুষ্ঠানে ৩০জনকে পুনর্বাসনের জন্য নগদ টাকা, সেলাই মেশিন ইত্যাদি দেয়া হয় ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের কাউকে ক্ষমা করবেন না। এমনকি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যারা অপকর্মের সঙ্গে জড়িত তিনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কার্পণ্য করছেন না। এটা যেমন নিজের দলের প্রতি মেসেজ, তেমনি অন্যান্যদের জন্য মেসেজ। যেখানে দুর্নীতি সরকার সেখানে হাত বাড়িয়ে তা নির্মূল করবে। কারণ দুর্নীতির শিকড় অনেক গভীরে।
র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতি- এই চারটি দানবের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা নোংরা রাজনীতি করে, টাকার পেছনে দৌঁড়ায় তাদের আপনারা পরিহার করুন। এসব আমাদের সমাজ জীবনকে কলুষিত করছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আমরা অনেক প্রতিশ্রুতি দেই, ভালো ভালো কথা বলি, কিন্তু সেগুলো বাস্তবায়ন করি না। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্দশের কথা
বলি, আদর্শ লালনের কথা বলি কিন্তু সেগুলো পালন করি না।