বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১’ সিরাজগঞ্জে সরকারিভাবে ধান ও গম সংগ্রহের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন বুধবার সকালে সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে ধান ও গম সংগ্রহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াজ উদ্দিন বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের কোথাও এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা। বঙ্গবন্ধুর সেই নির্দেশনা মেনেই এগিয়ে চলা বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ সব ক্ষেত্রেই এখন উন্নতি হচ্ছে।
করোনাকালীন এ সংকটময় মূহুর্তে খাদ্য গুদামগুলোতে সামাজিক ও শারিরিক দূরত্ব বজায় রেখে মানসম্পন্ন ধান-গম সংগ্রহ করতে হবে। ধান গম দিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও দৃষ্টি রাখার জন্য খাদ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান ।
উদ্বোধনী দিনে কৃষক রোস্তম আলী সরকারি খাদ্য গুদামে ১ টন ধান এবং কৃষক মো: শাহিন শেখ ৩টন গম সরবরাহ করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১ হাজার ৬ শত ৯৯ মেট্রিকটন বোরো ধান এবং ২ শত ৬৪ মেট্রিকটন গম ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নাসিম রেজা নুর দিপু, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।