বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সরকারি বেসরকারি অফিস আদালত,শপিংমলসহ দোকানপাটও বন্ধ রয়েছে। জেলা উপজেলা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকায় জনসমাগম অনেক কম।
জেলা শহরে প্রবেশের স্টেশন রোড়, ইলিয়ট ব্রিজ, টুকু ব্রিজ, মুক্তিযোদ্ধা গলি, পামতলা মোড়, থানা মোড়. পোষ্ট অফিস মোড়, বাহিরগোলা মোড় ও ভিক্টোরিয়া কোয়াটার বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
ফলে মূল শহরে প্রবেশ করতে পারছেনা কোন যানবাহন।
কাঁচাবাজার গুলোতে ছিল মানুষের কিছুটা আনাগোনা এবং জেলা তথ্য অফিস থেকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চলছে জন সচেতনতা মাইকিং।
এদিকে সকাল থেকে জেলার মহাসড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় যানজটেরও সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী যানবাহন না থাকলেও পণ্যবাহী যানবাহনসহ জরুরী সেবায় নিয়োজিত যানবাহনে এ যানজটের সৃষ্টি হচ্ছে। এ যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
এ বিষয়ে পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, মহাসড়কের কয়েকটি স্থানে ফোরলেন নির্মাণ কাজসহ মেরামতের কাজ চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
করোনা সচেতনতায় জেলা পুলিশ ৫দিনের ক্যাম্পেইন করা হয়েছে এবং তিন
ক্যাটাগরিতে ৭ শতাধিক পুলিশ মাঠে কাজ করছে। শহরের প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
লকডাউনের আওতামুক্ত যানবাহনে পুলিশের সহযোগিতাও রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন-নাহার বলেন, সর্বাত্মক লকডাউনে জেলায় ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন সেনা বাহিনী, র্যাব ও পুলিশ মাঠে রয়েছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করছেন ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া জেলার ৯টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করছেন বলে তিনি উল্লেখ করেন।