বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোহাম্মদ আলী হাসপাতালে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।
এ সময় ১৯৪ জনের শরীরে এ মরণব্যাধি শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট ৪২১ জনের মৃত্যু হলো। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন।
করোনায় মৃতরা হলেন বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার আবদুল খালেক (৩০), লতিফপুর কলোনীর আলতাব হোসেন (৭২), বগুড়ার গাবতলীর শাহজাহান আলী (৫৫), সারিয়াকান্দির জিল্লুর রহমান (৫০) ও নওগাঁ জেলার হাশেম আলী (৮০)।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাব এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালেরপিসিআর ল্যাবে ৬০০ জনের নমুনা পরীক্ষা করলে ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
আক্রান্তের হার ৩২ দশমিক ৩৩ শতাংশ।
একই সময়ে সুস্থ হয়েছেন, ৮১ জন। নতুন আক্রান্ত ১৯৪ জনের মধ্যে বগুড়া সদরে ১২২ জন, শেরপুরে ১৬ জন, কাহালুতে ১০ জন, গাবতলীতে আটজন, শিবগঞ্জে সাতজন, শাজাহানপুরে ছয়জন, আদমদীঘিতেছয়জন, নন্দীগ্রামে পাঁচজন, দুপচাঁচিয়ায় পাঁচজন, সারিয়াকান্দিতে চারজন, ধুনটে তিনজন ও সোনাতলায় দু‘জন।
সূত্রটি আরো জানায়, গত ২৪ ঘন্টায় নতুন ১৯৪ জন আক্রান্ত হওয়ায় এ পর্যন্ত মোট ১৪ হাজার ৩৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হলো।