বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণের অতীতের সব রেকর্ড ভেঙে গাজীপুরে নতুন করে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২৩৪ জন।
এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের। একদিনে এত বেশিসংখ্যক সংক্রমণের সংখ্যা আর মৃত্যুর সংখ্যা পাওয়া যায়নি। এরপরও সড়ক-মহাসড়ক ও অলি-গলিতে কঠোর বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি লংঘন করে বিপুল সংখ্যক লোকজনকে চলাচল করতে দেখা গেছে।
যদিও নগর ও জেলা জুড়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট এবং সড়ক- মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে।
শুক্রবার গাজীপুর সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৩৪ জন। এই নিয়ে এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩,৭৯৬ জন।
গত ২৪ ঘন্টায় ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। আর এদিন নতুন করে মৃত্যুবরণ করেছে ৫জন। এ জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৬৪ জন।
হাসপাতালের পরিচালক ডাক্তার মো: হাফিজ উদ্দিন জানান, গত কয়েকদিন ধরেই সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকার প্রেক্ষিতে এই হাসপাতালে বর্তমানে থাকা আটটি আইএসসিও বেডের কোন বেডই এখন খালি থাকছে না। এই মুহূর্তে সবাইকেই স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে চলা প্রয়োজন।