বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু কমেছে। বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ও উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে দুইজন। এ সময় নতুন করে আরো ৪৮ জন করোনা পজিটিভ হয়েছেন। সুস্থ হয়েছেন, ৯৭ জন। মোট মৃত্যু হয়েছে ৬২৭ জন।
গত মঙ্গলবার ১২ জনের মৃত্যু ও ৫৮ জন আক্রান্ত হয়েছিলেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৩৫ জন, এন্টিজেন পরীক্ষায় ৪৫ জনের মধ্যে ১০জন করোনা পজিটিভ হন।
এছাড়া বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনায় তিনজন করোনা আক্রান্ত হন।
আক্রান্ত ৪৮ জনের মধ্যে সদরে ৩০ জন, শাজাহানপুরে সাতজন, কাহালুতে পাঁচজন, সারিয়াকান্দিতে দুইজন, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, ধুনট ও শেরপুরে একজন করে। আক্রান্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ।