বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৮৪ দিন পর শুক্রবার দুপুর পর্যন্ত সর্বনিম্ন ১৯ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৮ দশমিক ৪০ শতাংশ।
এর আগে ৩ জুন শনাক্তের হার ছিল ৯ দশমিক ১৪ শতাংশ। দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় দু’জন মারা গেছেন। সুস্থ হয়েছেন, ৬৪ জন। মোট মৃতের সংখ্যা ৬৫৫ জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক প্রেস বিফ্রিংএ এসব তথ্য দেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২২৬ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এছাড়া এ হাসপাতালে এন্টিজেন পরীক্ষায় দু’জন করোনা আক্রান্ত হন।
নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে বগুড়া সদরের দু’জন ও সোনাতলা এবং শাজাহানপুরে একজন করে। করোনায় মৃত দু’জন হলেন, সদরের আবদুল বারী (৮৫) ও শেরপুরের শাম্মী আকতার (৪৫)।
সূত্রটি আরো জানায়, এ পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৯১০ জন করোনাভাইরাস আক্রান্ত হন। এর মধ্যে সুস্থ হয়েছেন, ২০ হাজার ১১ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, ২৪৪ জন। আস্তে আস্তে হাসপাতালে করোনা ইউনিট রোগী শূন্য হয়ে যাচ্ছে।