বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নেশা জাতীয় ইনজেকশন বিক্রয়ের অপরাধে এক ফার্মাসিস্ট ও তার সহকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার সন্তোষপুর এলাকার রফিক উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৬১) ও একই ইউনিয়নের রহিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৫৫)।
রোববার দুপুরে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালড়া বাজারের রাতুল ফার্মেসীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ১০৫ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার জানান, ফার্মাসিস্ট ফজলুর রহমান ও তার সহকারী লাল মিয়া ঔষধের পাশাপাশি র্দীঘদিন ধরে অবৈধ নেশা জাতীয়দ্রব্য ইনজেকশন বিক্রয় করে আসছে-এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পালড়া বাজারের রাতুল ফার্মাসিতে অভিযান চালানো হয়।
এসময় ফার্মাসিস্ট ফজলুর রহমানের কাছ থেকে ৮০ পিস ও তার সহকারী লাল মিয়ার কাছ থেকে ২৫ পিস নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়। পরে তাদেরকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে নিয়ে আসা হয়।
আটককৃতদের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ইন্সপেক্টর কাজী কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলেও তিনি জানান।