বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার ধুনটে গোসাইবাড়ি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। কোন অনুষ্ঠানের আয়োজন ছিলনা। ‘জামায়াতপন্থী’ ওই মাদ্রাসার সুপারের দায়িত্বে থাকায় সেখানে বিজয় দিবস,স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারিসহ জাতীয় দিবসগুলো পালন করা হয় না বলে অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে স্থানীয় নিপুচা আকন্দ নামে এক শিক্ষানুরাগি ১৯৪২ সালে নিউ স্কিম জুনিয়র মাদ্রাসার জন্য জায়গা দেন। নোয়াখালী থেকে আসা মাওলানা মনসুর মাদ্রাসায় লেখাপড়ার দায়িত্বে ছিলেন। তিনি মারা যাবার পর টিনের ঘরটি পড়ে থাকে। স্বাধীনতার পর মাদ্রাসার কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ বছর আগে ওই জায়গায় গোসাইবাড়ী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়।
মাদ্রাসার পাশের গোসাইবাড়ি বাজারের চা বিক্রেতা মতিউর রহমান ও ফটিক মিয়া জানান, সোমবার মাদ্রাসায় বিজয় দিবসের কোন পতাকা তোলা হয়নি। জাতীয় কোন দিবস পালন করা হয়না। সেখানে কোন শিক্ষক ও শিক্ষার্থী নেই।
মাদ্রাসার সুপার ইউনুস আলী জানান, তিনি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নন। ছাত্রছাত্রী না আসায় বিজয় দিবসে পতাকা উত্তোলন ও কোন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, জাতীয় দিবসে পতাকা না উঠানো এবংঅনুষ্ঠান না করা অপরাধ। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।