বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: কক্সবাজারে উপকূল সুরক্ষায় সুপার ডাইক নির্মাণের জন্য কক্সবাজার সদর উপজেলার ৬নং চৌফলদন্ডী ইউনিয়নের বসবাসরত অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি রাখাইন সম্প্রদায়ের বসত-ঘর, বৌদ্ধমন্দির ও শ্মশান, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণ করে উচ্ছেদ প্রক্রিয়া স্থগিতের দাবিতে রাঙ্গামাটিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে রাখাইন সম্প্রদায়।
সোমবার রাঙ্গামাটিতে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাখাইন সম্প্রদায়ের উচিংছা রাখাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহম্মেদ, বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংচোয়াং অভি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি রাঙ্গামাটি জেলার সভাপতি টুকু তালুকদার, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উইভ এর নির্বাহী পরিচালক নাই উ প্রু মারমা প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়ন ও উপকূল সুরক্ষার জন্য ১০০ শত বছরের “ডেলটা প্ল্যান” এর আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় এলাকায় “সুপার ডাইক”নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা সম্মানের সাথে স্বাগত জানাই। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ও সুপার ডাইক নির্মাণ করা হলে কক্সবাজার জেলার চৌফলদন্ডীতে ৪০০ বছর ধরে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের ১২০টি পরিবার, ৩টি শ্মশান ও ৩টি বৌদ্ধ বিহার উচ্ছেদ হয়ে যাবে। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি যে রাখাইন সম্প্রদায়ের যে স্থানে বেড়িবাঁধ ও সুপার ডাইক নির্মাণ করা হবে, সেখানে নির্মাণ না করে বিকল্প পরিকল্পনা গ্রহন করা হোক।