বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পাহাড়ে অস্ত্রের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে রাঙ্গামাটিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওযামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় বাংলদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা পাহাড়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের কারণে কোন মানুষ শান্তিতে নেই। পাহাড়ি বাঙালি সকলেই অবৈধ অস্ত্রের কাছে জিম্মি হয়ে রয়েছে। অস্ত্রের ভয়ের কারণে সাধারণ মানুষ তাদের মুখ খুলতে পারছে না।
চিংকিউ অস্ত্রবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, রোকেয়া আক্তার, রিমি চাকমাসহ জেলা ও ওয়ার্ড কমিটির নারী নেত্রীরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে ফিরোজা বেগম চিনু বলেন, বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে ধারাবাহিকভাবে যে কাজ করে যাচ্ছে তা অতীতে কোন সরকার করেনি। পাহাড়ের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সরকারের উন্নয়ন পৌছে গেছে। এই উন্নয়নের সুফল পার্বত্য অঞ্চলের জনগণ পেতে শুরু করেছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলিক রাজনৈতিক দলের অস্ত্রবাজি ও চাঁদাবাজির কারণে আজ পাহাড়ের মানুষ মুখ খুলতে পারছে না। তাদের প্রতিহত করতে এবং তাদের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।
পরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।