বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের মধ্যেই রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকের লুঙথিয়ান পাড়াসহ ৩টি পাড়ায় গত ফেব্রুয়ারী থেকে ২৪ মার্চ পর্যন্ত ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারী মাস থেকে সাজেকের ৩টি গ্রামে হামের প্রাদুর্ভাব দেখা দেয়।
ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে সাজেকে ৮ শিশু মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। আর মুমূর্ষ অবস্থায় আরো ৫ শিশুকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, গত মঙ্গলবার ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মাওলা বক্স চৌধুরীর নেতৃত্বে বিশ্ব স্ব্যাস্থ্য সংস্থার ডাঃ আরিফুল ইসলামসহ ঢাকা থেকে ৪ সদস্যের একটি চিকিৎসক দল লুঙথিয়ানা পাড়ায় গিয়ে পরিস্থিতি বিবেচনা করে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ এবং চট্টগ্রাম জিওসির সাথে আলাপ করে ৫ শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
পরে বুধবার বিকালে তাদেরকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া শিশুরা হলো , প্রতিল ত্রিপুরা (৫), রোকেন্দ্র ত্রিপুরা (৬), রোকেদ্র ত্রিপুরা (৮), নহেন্দ্র ত্রিপুরা (১০), দিপায়ন ত্রিপুরা (১৩)।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা আরো জানান, ইপিআইরের টিম যাওয়ার পর আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছি। তাদের সাথে আলোচনা করে চট্টগ্রাম জিওসির সাথে আলাপ করে হেলিকপ্টার যোগের অসুস্থ রোগীদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আশা করছি তারা সভায় সুস্থ হয়ে বাড়ী ফিরবে।
তিনি বলেন, ইতিমধ্যে আক্রান্ত এলাকায় এখনো অনেক শিশু ও বয়স্ক মুমূর্ষ অবস্থায় রয়েছে তাদের স্বাস্থ্য বিভাগের সাথে সেনাবাহিনী চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছে।