বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে ঘরে ঘরে খাদ্য পৌছে দিচ্ছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
বুধবার এরই অংশ হিসেবে সকালে রাঙ্গামাটি দুর্গম বরকল উপজেলার সুভলং বাজার ও বরকল সদর বাজারে পৃথক ভাবে ৫টি ইউনিয়নের ২৬২টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীগুলো বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় দরিদ্রদের হাতে ৬ কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি আলু ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এবং রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা।
নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণকালে সুভলং সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ আমিনুর, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সুভলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধু মিলন চাকমা, ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন, ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে জনগনের পাশে দাঁড়ানোই হচ্ছে সকলের মহান দায়িত্ব এই দায়িত্ব সঠিকভাবে পালন করে আমাদের এগিয়ে যেতে হবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, সারা বিশ্ব আজ একটি ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে আছে। কে ধনী, কে গরিব এটা কোন ভেদাভেদ নেই। সকলের জন্য এই রোগ সমান। এই রোগের প্রধান ঔষুধ হচ্ছে নিজে নিরাপদে থাকা অন্যকে নিরাপদে রাখা। তাই কোন ভাবেই জন সমাগম নয়।