করোনা মোকাবেলা করতে পাহাড়ের প্রতিটি ঘরে খাদ্য পৌছে দিতে হবে: দীপংকর
বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাজনৈতিক দিক বিবেচনায় নয় করোনা মোকাবেলা করতে পাহাড়ের প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দিতে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, ত্রাণ সামগ্রী নিয়ে যাতে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না উঠে। যদি এমন কোন অভিযোগ আমরা পায় তাহলে তার বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সঠিক তথ্য নির্বাচনের মাধ্যমে কর্মহীন প্রতিটি মানুষের বাড়ি বাড়ি নেতাকর্মীদের ত্রাণ সামগ্রী পৌছে দিতে আহ্বান জানান।
বৃহস্পতিবার করোনা মোকাবেলায় রাঙ্গামাটির কাউখালী উপজেলার কর্মহীন ২ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়ার সময় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার, কাউখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।